নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাওয়ায় গরম পানি ঢেলে প্রতিবন্ধী চা বিক্রেতা আব্বাস আলী মণ্ডলের (৭৭) হাত ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুতের বিরুদ্ধে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের স্যানালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবন্ধী চা বিক্রেতা আব্বাস আলী জানান, বিদ্যুৎ বন্ধু-বান্ধব নিয়ে তার দোকানে চা-বিস্কুট খাওয়ার পর আগের বকেয়াসহ বিল চাইলে বিদ্যুৎ তার ওপর ক্ষিপ্ত হয়ে চড়াও হয়। একপর্যায়ে কেটলিতে থাকা গরম পানি তার হাতে ঢেলে দেয় এবং তাকে মারধর করে। বিদ্যুৎ দোকানের কাপ-গ্লাস ভেঙে ফেলে। ভয়ে পালিয়ে যাওয়ার পর স্থানীয় এক ব্যক্তির সহায়তায় আব্বাস আলী বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
আব্বাস আলী আরও অভিযোগ করেন, এর আগেও বিদ্যুৎ তাকে কয়েকবার মারধর ও দোকান ভাঙচুর করেছে। ছাত্রলীগের প্রভাবশালী নেতা হওয়ায় তার বিচার হয়নি।
প্রত্যক্ষদর্শী বাবলু শেখ জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিদ্যুতের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিদ্যুৎ গরম পানি ঢেলে আব্বাস আলীর হাত ঝলসে দেয়।
অভিযুক্ত আতিক হাসান বিদ্যুৎ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার দিকেই কেটলির গরম পানি ছোঁড়া হয়েছিল এবং তিনি কোনো বকেয়া রাখেননি।
ফাগুয়াড়দিয়াড় ইউপি চেয়ারম্যান এএসএম লেলিন জানান, বিদ্যুৎ খারাপ প্রকৃতির এবং মারামারি ঘটনায় তার নামে একাধিক মামলা রয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিদ্যুৎকে খুঁজলেও তাকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ